ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের জনগণ অর্থনৈতিক সঙ্কটে নিপতিত হয়ে কমদামের পণ্য কেনার দিকে ঝুঁকছে। দেশ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
শনিবার (২৫ মে) বিকেলে ভাটারাস্থ আস সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন-এর রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ বলেন, সরকার মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শোনাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। অর্থনৈতিক সঙ্কটে নিপতিত হয়ে মানুষ দিশেহারা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। মেহনতি ও মধ্যবিত্তরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের কম দামের পণ্য কেনেন।
তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচারের-খেলাপি ঋণের টাকা উদ্ধার, লুটপাট বন্ধ ও সাম্রাজ্যবাদ আধিপত্যবাদী শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এডভোকেট এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন বিন সারোয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ১৯৯৬ সেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করেন।










