spot_img
spot_img

মিনায় পৌঁছেছেন হাজ্বীরা, হজ্বের আনুষ্ঠানিকতা শুরু আজ

পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। এ লক্ষ্যে সারাবিশ্ব থেকে আগত হাজ্বীরা নিজেদের প্রস্তুত করছেন।

রোববার (২৪ মে) এশার নামাজের পর হাজ্বীরা তাবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। মিনায় যাওয়ার আগে মুসল্লিরা ইহরামের কাপড় পরিধান করেন।

শরীয়তের বিধান অনুযায়ী, হাজ্বীরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ, মঙ্গলবার আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা।

আরাফাতের ময়দানে এ বছর হজ্বের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

খুতবার পর হাজ্বীরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত আরাফাতেই অবস্থান করবেন তারা।

৯ জিলহজ সূর্যাস্তের পর হাজ্বীরা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজ্বীরা। সেখানে শুধু বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কুরবানি দেবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করবেন।

১১ ও ১২ জিলহজ হজ্বের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজ্বীরা।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ১৬ লাখ থেকে ১৮ লাখ মুসলমান হজ্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৭৮ হাজার মানুষ হজ্ব পালন করতে সৌদি আরব গেছেন।

এদিকে হজ্বের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ হজ্বের পবিত্র স্থানগুলোতে নিয়োজিত বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন।

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি জানান, হাজ্বীদের সেবায় নিরাপত্তা বাহিনীগুলো পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

কমান্ডার আরও উল্লেখ করেন, এ বছর বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। এর ফলে আল্লাহর মেহমানরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, ২০২৫ সালে সর্বমোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন ধর্মপ্রাণ মুসলিম হজ্ব পালন করেছিলেন। এর মধ্যে সৌদি আরবের বাইরে থেকে আসা হজ্বযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন।

এ বছর হজ্বের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় এবারের হজ্ব গত বছরের তুলনায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ