spot_img

দুই সহস্রাধিক ভারতীয়ের শরীরে করোনাভাইরাসের ভুয়া ভ্যাকসিন

ভারতের পুলিশ জানিয়েছে মহারাষ্ট্রের মুম্বাই শহরে প্রায় দুই হাজার মানুষের শরীরে করোনাভাইরাসের ভুয়া টিকা প্রদান করা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরও প্রায় পাঁচশ’ মানুষও একই ধরনের ঘটনার শিকার হয়েছেন।

ভারতের মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রায় দুই হাজার মানুষের শরীরে করোনার টিকা বলে স্যালাইন সলিউশন পুশ করা হয়েছে। এই ঘটনায় একটি বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসকসহ দশ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে জালিয়াত চক্র একটি আবাসিক এলাকার বাসিন্দাদের টার্গেট করে এসব ভুয়া টিকা দিয়েছে।

মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার বিশ্বজিত পাতিল বলেন, ‘পরে আমরা জানতে পারি এই চক্রটি আরও আটটি ক্যাম্প আয়োজনের চেষ্টা করছিলো।’ এছাড়া অভিযুক্তদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া ১২ লাখ ৪০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।

এদিকে কলকাতা পুলিশ জানিয়েছে, অন্তত আটটি টিকাদানের ভুয়া ক্যাম্প চালানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সরকারি চাকুরিজীবী পরিচয় দিয়ে ওই ব্যক্তি এসব ক্যাম্প পরিচালনা করেছে। পুলিশ জানিয়েছে একটি ক্যাম্প থেকে অন্তত ২৫০ জন শারিরীক প্রতিবন্দি এবং তৃতীয় লিঙ্গের মানুষ টিকা নিয়েছে। এছাড়া শহরের মোট পাঁচশ’ জনকে এসব ভুয়া টিকা দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের কর্মকর্তা অতিন ঘোষ জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা কোভিশিল্ডের ভুয়া লেবেল লাগানো ডোজ উদ্ধার করেছেন তারা।

গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা মহামারি ভয়াবহ রুপ নেয়। পরে দেশটির কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা দেয়। এরপরই এই সপ্তাহে দেশটিতে টিকাদানের হার দ্রুত বেড়েছে।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ