spot_img

জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নেই: মির্জা ফখরুল

জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যুগে যুগে বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা মানুষ নির্যাতিত হয়েছে এবং এখনও হচ্ছে। এখনও বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর চালাচ্ছে নির্যাতন।

শনিবার (২৫ জুন) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে এক বার্তায় বিএনপির মহাসচিব বাংলাদেশসহ সারা বিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।

বার্তায় মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে সরকারের যেহেতু কোনো জবাবদিহিতা নেই, সেহেতু গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকে হুমকি ও ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন সম্পূর্ণরুপে বিপন্ন।

বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক ভিন্ন মতের ওপর অসহিষ্ণু শাসকরা নির্দয় অত্যাচার চালাচ্ছে। বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করে অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ওপর এখন ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে। আর এক্ষেত্রে গুম ও বিচার বহির্ভূত হত্যাই হচ্ছে শাসকগোষ্ঠীর প্রধান অস্ত্র। বিভিন্ন অভিযানের নামে সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়ে গেছে। এই সব অভিযানে বিএনপিসহ বিরোধী দলমতের মানুষেদেরও বেছে বেছে হত্যা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ