খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, টিসিবির পণ্য পাচ্ছে এক কোটি পরিবার। আগামী জুলাই থেকে তাদেরকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল দেওয়া হবে।
রোববার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৩ এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময়ে এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, এক কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন। এবার তাদের ৩০ টাকা দরে ৫ কেজি চালও দেয়া হবে। জুলাই থেকে এ চাল দেয়া হবে। তারা যখন টিসিবির পণ্য নেবেন, তখন এ চালও দেয়া হবে।
বোরো সংগ্রহ কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল আমরা কিনেছি আর ১ লাখ ১৫ হাজার ২৭২ টন ধান সংগ্রহ করেছি।
তিনি আরও বলেন, আমাদের সামনে আরও দুইমাস সময় রয়েছে। এসময়ে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব।











