কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছেন বাদী।
বৃহস্পতিবার (২৫ জুন) এমপি মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এবং পরে সেই পোস্টের কমেন্টে প্রকাশিত মামলার নথির ছবি থেকে এ তথ্য জানা যায়।
এর আগে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে মামলাটি দায়ের করেন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি।
মামলার খবর জানার পর বৃহস্পতিবার বেলা ১১টার পর নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে মনিরুল হক চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, তার নির্বাচনি এলাকার সদর দক্ষিণ থানায় কেউ একজন মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং কে বা কারা মামলা করেছেন, সে সম্পর্কেও তার জানা নেই।
বিষয়টি জানতে পেরে বিব্রত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছেন। পরে নেতাকর্মীরা তাকে জানান, বাদী মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন।
মনিরুল হক চৌধুরী আরও জানান, সদর দক্ষিণ থানার ওসি ও তার আইনজীবীকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পোস্টে তিনি বলেন, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। তিনি সবসময় আইনশৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।
পরে ওই পোস্টের কমেন্ট সেকশনে মামলা প্রত্যাহারের নথির ছবি প্রকাশ করে মনিরুল হক চৌধুরী জানান, বাদী মামলাটি প্রত্যাহার করেছেন।











