আন্দোলনের নামে বিএনপি আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে নিজেই চিৎপটাং হয়ে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনমোহিনী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে। বর্তমানে দলটির যা অবস্থা ভবিষ্যতে তাদের হামাগুড়ি কর্মসূচি দিতে হবে।
বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ফখরুল সাহেবদের চোখে পড়ে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিদেশিরাও তাদের নালিশের কর্ণপাত করছে না বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। বিএনপি এখন কোমরভাঙা দলে পরিণত হয়েছে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবা আনজুম মিতা এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, আয়েন উদ্দিন এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।










