দীর্ঘ ২০ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করেছে তালেবান। ইতোমধ্যে আফগানিস্তানে সরকার গঠনের পর অনেক দেশই সমর্থন জানিয়েছে তালেবানকে। এমন সময় আফগানিস্তানের ওপর আরোপিত দু’টি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমেরিকা, যাতে করে দেশটিতে মানবিক সহায়তা পৌঁছাতে পারে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রকাশিত হয়।
মার্কিন ট্রেজারি এক বিবৃতিতে বলেছে, এই বিধানে আমেরিকা সরকার, সহায়তা গ্রুপ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আফগানিস্তানে মানবিক এবং অন্য সহায়তা পৌঁছাতে পারবে যা মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য জরুরি।
বিবৃতিতে বলা হয়, এতে কৃষি পণ্য, মেডিসিন এবং চিকিৎসা যন্ত্রপাতি রফতানি বা পুনঃরফতানি সম্পর্কিত লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে।
ট্রেজারি অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল পরিচালক আন্দ্রেয়া গাকি বলেছেন, ট্রেজারি আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি সংস্থার সাথে কাজ করে যাবে, যাতে আফগানিস্তানে কৃষিপণ্য, ওষুধ এবং অন্য প্রয়োজনীয় সরবরাহ স্বাভাবিক থাকে।
সূত্র : বাসস











