সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, করোনা হলো একটা ভাইরাস, সেরকম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হলো একটা ভাইরাস। করোনার ভ্যাকসিনের নাম কোভিশিল্ড, আর বিজেপির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (২৫ অক্টোবর) কুচবিহার জেলার দিনহাটায় এক নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
অভিষেক বলেন, প্রথম ডোজ আগামী ৩০ তারিখ দেবেন আর দ্বিতীয় ডোজটা ২০২৪ সালের (লোকসভা নির্বাচন) জন্য রাখুন। দু’টো ডোজ। সারা কুচবিহার ভাইরাসমুক্ত করতে হবে। আমি আপনাদের এ কারণে বলছি, এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে দেশ থাকবে না।
অভিষেক আরও বলেন, আজকে যে সংখ্যক মানুষ এই সভাস্থলে আছেন, যদি তার গিয়ে ইলেকট্রনিক ভোট যন্ত্রে তিন নম্বর বোতাম টিপে দেয় তাহলে বিজেপি কুচবিহার থেকে ভোকাট্টা হয়ে যাবে! খুঁজে পাওয়া যাবে না। এই নির্বাচন শুধুমাত্র কুচবিহার বা দিনহাটার নির্বাচন নয়। আপনাদের অনুরোধ করব এমনভাবে ভোট দেবেন প্রার্থী উদয়ন গুহ নয়, দিনহাটার প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায়কে জেতাতে হবে। এই চারটে উপনির্বাচনের দিকে গোটা দেশবাসী তাকিয়ে আছে।
পশ্চিমবঙ্গে আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, দিনহাটা, খড়দহ এবং গোসবা অর্থাৎ মোট ৪টি কেন্দ্রে বিধানসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২ নভেম্বর।
সূত্র: পার্সটুডে











