spot_img
spot_img

জাতীয় ঐক্য জোরদার ও জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান আফগান স্বরাষ্ট্রমন্ত্রী হক্কানীর

দীর্ঘদিনের বিরোধ ও শত্রুতা অবসানে জাতীয় ঐক্য আরও জোরদার, জনগণ ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সম্পর্ক উন্নত এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজউদ্দিন হক্কানী।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। এটিকে শুধু পুলিশ সদস্যদের দায়িত্ব হিসেবে বিবেচনা করা উচিত নয়।

তিনি ধর্মীয় আলেম, খতিব ও গোত্রীয় প্রবীণদের জনসচেতনতা বাড়াতে, বিরোধ মীমাংসায় উৎসাহ দিতে এবং সম্প্রদায়গুলোর মধ্যে শান্তি ও সংহতি জোরদারে বর্তমান সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান।

মাওলানা হক্কানী নিরাপত্তা কর্মকর্তাদের ইমারাতে ইসলামিয়ার নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী জনগণের সেবা করার আহ্বান জানান। নাগরিকদের সঙ্গে আচরণের ক্ষেত্রে সম্মান, ভ্রাতৃত্ববোধ ও উত্তম ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি আফগানিস্তানের স্বনির্ভরতা ও পুনর্গঠনের পথে অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বছরের পর বছর ধরে চলা কঠিন পরিস্থিতি ও নানা দুর্ভোগের পর এই উন্নয়নকে তিনি আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে, বিভেদ ও শত্রুতা কমেছে এবং আফগানদের মধ্যে ঐক্য আরও শক্তিশালী হয়েছে। হক্কানী আরও দাবি করেন, দেশজুড়ে নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সত্ত্বেও কিছু ব্যক্তি জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

হক্কানীর বক্তব্যে নিরাপত্তার জন্য সম্মিলিত দায়িত্ব, জনগণের সেবা, বিরোধ মীমাংসা এবং সামাজিক সংহতি জোরদারে সম্প্রদায়ের নেতাদের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ