spot_img
spot_img

কাফনের কাপড় পাঠিয়ে জুলাই সমন্বয়ক বাকের মজুমদারকে হত্যার হুমকি

জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বাকের মজুমদারের বাড়ির পাশে কাফনের কাপড়, আতর, লোবান ও হুমকিমূলক চিরকুটসহ একটি বাক্স পাওয়া গেছে।

পরিবারের সদস্যদের দাবি, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাক্সটি রেখে যায়।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে আবু বাকের মজুমদারের নিজ বাড়ির পাশে বাক্সটি উদ্ধার করেন তার স্বজনরা।

বাক্সে পাওয়া চিরকুটে লেখা ছিল, মি. বাকের মজুমদার, তুই বঙ্গনেত্রীকে হত্যার জন্য স্নাইপার রাইফেল দিয়ে কী করিয়েছিস, জাতি আজ বুঝতে পেরেছে। তাই তোকে শেষ সংবাদ দিচ্ছি-মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিছু মসলা দিয়েছি, বুঝে নিস। তোর পুরো এলাকা জ্বালিয়ে দেব। তোকে কবরে পাঠাব। তাই হবে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।

এ ঘটনায় বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনটি আবু বাকের মজুমদার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভয়ভীতি বা সহিংসতা দিয়ে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা যাবে না। যেকোনো হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতি হতে হবে যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।

এ বিষয়ে আবু বাকের মজুমদার বলেন, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাড়ির পাশে কাফনের কাপড় রেখে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে লাভ হবে না। আমরা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছি। পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই রুখে দেবে।

থানায় অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবগত করেননি। বিষয়টি নিয়ে কী করা যায়, তা ভাবছেন।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, হোয়াটসঅ্যাপে কিছু ছবি ও ভিডিও পেয়েছেন। তবে কে বা কারা পাঠিয়েছে সেটি জানা নেই।

এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ