সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসাই দলের মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তিতে গণতন্ত্রের মুক্তি, তার সুস্থতাতেই গণতন্ত্রের সুস্থতা। খালেদা জিয়ার সুস্থ ও মুক্ত হয়ে স্বাভাবিক চলাচলের মধ্য দিয়েই আবার সেই গণতন্ত্রের মুক্ত বাতাস ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয়তাবাদী কৃষকদলে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, একজন নেত্রী- যিনি জীবনে কখনো হারেননি। তিনি গণতন্ত্রের জন্য কখনো আপস করেননি। ব্যক্তিগত সুখ-সাচ্ছন্দ্য, ক্ষমতার মোহ এবং মায়া অতিক্রম করে জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে যিনি লড়াই করেছেন, সেই নেত্রীকে আজ বিনা চিকিৎসায় হাসপাতালে ধুঁকতে হচ্ছে। এক গভীর চক্রান্তের জালে ধুঁকতে ধুঁকতে তিনি যেন পৃথিবী ছেড়ে চলে যান, এমনই মাস্টারপ্ল্যান করে বেগম জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে।










