বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও জনপ্রিয়তার বিষয়টি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তার প্রতি প্রতিহিংসার কারণে শেখ হাসিনা তাঁকে কারাবন্দি করে রেখেছেন। কারণ বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি।
রোববার (২৫ ডিসেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হয় না। তাঁর বয়স হয়েছে। তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিন বারের বিরোধী দলীয় নেত্রী। যিনি কখনো কোনো নির্বাচনে ফেল করেননি। তাকে জামিন না দেওয়ার বিষয়টি গিনেজ বুকে লেখা থাকবে।
তিনি বলেন, বিএনপির জনপ্রিয় নেতাদের ওপর হামলা শেখ হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা, গত ১৭ সেপ্টেম্বর আমার ওপর কুমিল্লায় হামলা সেটাই প্রমাণ করে।
তিনি আরও বলেন, এই সরকার সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় থেকে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। তাদের শেষ রক্ষা হবে না।










