ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ধর্মীয় ভিন্নতাকে অস্ত্র হিসেবে ব্যবহারের মাধ্যমে ভারতব্যাপী ঘৃণা ছড়াচ্ছে বিজেপির দাঙ্গাবাজ সরকার।
গত শনিবার (২৪ ডিসেম্বর) ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশের পর ঐতিহাসিক লাল কেল্লায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের মূল সমস্যাগুলো থেকে মানুষের মনযোগ সরানোর জন্য সুকৌশলে প্রতিদিন হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, “আমি দুই হাজার ৮০০ কিলোমিটার হেঁটে এসেছি। কিন্তু কোনো ঘৃণা দেখিনি। আমি টেলিভিশন চালু করলেই সহিংসতা দেখতে পাই। গণমাধ্যম আমাদের বন্ধু হলেও আমরা যা বলি বাস্তবে তারা তা কখনোই দেখায় না। কারণ তাদেরকে পেছনের মঞ্চ থেকেই নির্দেশনা দেওয়া হয়। তবে এই দেশ ঐক্যবদ্ধ। এই দেশের প্রত্যেকে মানুষ মিলেমিশে থাকতে চায়।”
উল্লেখ্য, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন। পরবর্তীতে লাল কেল্লার কাছে পৌঁছালে অভিনেতা কমল হাসান মিছিলে যোগ দেন ।
সূত্র: এনডিটিভি











