ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদিত হলে বাংলাদেশ হতে কতজন হজ্ব পালনের সুযোগ পাবেন তা জানা যাবে। বাংলাদেশ এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে। আশা করি, এই বছরে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা হজে যেতে পারবেন।
বুধবার (২৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, গত ৫ বছরে হজ্বে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও ৩৬টি হজ্ব এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ্ব্ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করবার বিধান না থাকায় অনিয়মের কারণে ধর্ম মন্ত্রণালয় হতে গত ৫ বছরে কোনো হজ্ব এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয় নাই।
তিনি বলেন, গত ২৪ জুন হজ্ব ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ গেজেট আকারে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কোন এজেন্সির বিরুদ্ধে অনিয়ম উত্থাপিত হলে আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।










