spot_img

এখনকার জন্মদিন নিদারুণ কষ্টের: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ। তিনি বলেন, পা রাখলাম ৭৬ এ। আমার কাছে এখনকার জন্মদিন নিদারুণ কষ্টের। কারণ আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া কারাবন্দি, এখন গৃহে অন্তরীণ হয়ে আছেন। নিদারুণ কষ্ট-যন্ত্রণায় দিনযাপন করছেন। এরকম একটা অবস্থায় জন্মদিন নিয়ে কি বলার আছে?

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসার পর দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আগেই বারণ করে দিয়েছেন বিএনপি মহাসচিব। এ সময় পাশে বসা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, একটা ছোট্ট গোলাপ দিলে ভালো হতো। মির্জা ফখরুল বলেন, না, না- প্লিজ এটা করবেন না।

তিনি বলেন, জন্মদিন মানে আরও একটি বছর চলে গেল। বৃদ্ধ থেকে বৃদ্ধের পথে যাচ্ছি। সকালে দুই মেয়ের টেলিফোনে ঘুম ভেঙেছে আমার। দুই মেয়ে আর আপনাদের ভাবীর (সহধর্মিনী রাহাত আরা বেগম) শুভেচ্ছায় দিন শুরু করেছি। আমার বড় মেয়েই প্রথম ‘হ্যাপি বার্থ ডে’ বলল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। মির্জা ফখরুলের বাবার নাম মির্জা রুহুল আমিন। তিনি ছিলেন সাবেক মন্ত্রী। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ