দেশের সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য দরকার সাসটেইনেবল পিস। আর সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে ৩৪ হাজার সদস্য নিয়ে ডিএমপির কার্যক্রম চলছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনতার পুলিশ হতে আহ্বান জানিয়েছিলেন। আজকে পুলিশ সেই জায়গায় এসেছে। পুলিশ এখন জনবান্ধব।
তিনি বলেন, দেশে সাসটেইনেবল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এটা ধরে রাখার জন্য সাসটেইনেবল পিস দরকার। আর সাসটেইনেবল পিস ধরে রাখতে সাসটেইনেবল সিকিউরিটির কাজ করে যাচ্ছে পুলিশ। শুধু ডিএমপি নয়, পুলিশ আজকে সারা দেশে সক্রিয় আছে বলেই জঙ্গি সন্ত্রাস মোকাবিলা করে যাচ্ছি একের পর এক।











