জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকারকেই ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই প্রমাণ করেছে তারা তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাসী না। তবে আমরা মনে করি প্রচলিত কাঠামোতেও ভালো নির্বাচন সম্ভব। যদি সরকার আন্তরিক হয়।
রোববার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জাপা মহাসচিব বলেন, ঈদের পর জাতীয় পার্টি জেলায় জেলায় সমাবেশ করবে। নির্বাচনকে কেন্দ্র করে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রক্রিয়াও শুরু করবো। তবে ভোটের আগে পরিস্থিতি অনুযায়ী দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।
সম্প্রতি জোটে না থাকলে জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কোন অবস্থানে থাকবে জানতে চাইলেও তিনি বলেন, আর কোনো জোটে নয়-আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে দল।
ইভিএমে নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, দেশের মানুষ এখনো ইভিএমে বিশ্বাস করে না। গ্রামগঞ্জের মানুষ এখনো মনে করে, ইভিএম মানেই কারসাজি। কেউ কেউ মনে করে, কোনো একটি দলের স্বার্থে ইভিএমে ভোট নেয়া হয়।










