জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, এবার রমজানে যে এলাকার বাজারে পণ্যমূল্যে অস্থিতিশীলতা দেখা যাবে, সেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঢাকা জেলা ও ঢাকা সিটির অধীন সব বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সফিকুজ্জামান বলেন, খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের অভিযোগ সরবরাহকারীরা বাজারে পণ্য কম দিচ্ছে। কিন্তু আমদানি ও বাজারজাতকারীদের মিল থেকে প্রতিদিন কী পরিমাণ পণ্য বাজারে সরবরাহ করা হয় সেই তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে আসে। সেই তথ্য অনুসারে বাজারের পণ্যের ঘাটতি হওয়ার কথা নয়। কিন্তু এরপরও বাজারে কেন অস্থিরতা তৈরি হয় তা বুঝে আসছে না। আমদানিকারকদের কাছে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। এরপরও কোনো বাজারে যদি অস্থিরতা তৈরি হয়, তাহলে বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : বাসস।











