তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে ২৫ মার্চ দিবাগত রাতে ২৬ মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার নেতৃত্বেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালিরা তাদের পাঁচ হাজার বছরের ইতিহাসে প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।
শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি। অনেক সূচকে ভারতকেও পেছনে ফেলেছি। বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনা এবং বঙ্গবন্ধু কন্যার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।
তিনি বলেন, কিন্তু দুঃখের বিষয়, এদেশে এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ও তার মিত্ররা। আজকের দিনে আমাদের শপথ হচ্ছে স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়া।










