দেশে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ৬৫ জন। এনিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জনে।
শনিবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।
২৪ ঘণ্টায় ৭ হাজার ২৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ।










