খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক সুবিচার নিশ্চিতের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সুসংহত করতে হবে।
আজ শনিবার (২৬ মার্চ) বিকাল ৩টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ড. আহমদ আবদুল কাদের বলেন, সিন্ডিকেট আর কারসাজির কারণে নিত্যপণ্যেল দাম বেড়েই চলছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ দিশেহারা। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলুম, অন্যায়, অবিচার, ঘুষ-দুর্নীতি, বেকারত্ব মুক্ত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলাচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল।
অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, মুহাম্মদ জিল্লুর রহমান, কাজী আরিফুর রহমান, নজরুল ইসলাম ভূঁইয়া, খালেদ সানোয়ার, ছাত্র মজলিস নেতা নূর মুহাম্মদ, মোঃ মশিউর রহমান, মুফতি আবদুল্লাহ আল মাসুম, মাওলানা শরীফ উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদানদের জন্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া- মোনাজাত পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এর আগে ভোরবেলা খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।










