জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মুক্তিযুদ্ধ কখনো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়নি। তিনি বলেন, বাংলাদেশ গঠিত হয়েছে অধিকার আদায়ের জন্য এবং প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, মুক্তিযুদ্ধকে কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পত্তি হিসেবে উপস্থাপন করতে পারে না। এটি ছিল একটি জনযুদ্ধ। সাধারণ খেটে খাওয়া মানুষই দেশকে স্বাধীন করেছে। ২৫ মার্চ কালরাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং পাকিস্তানে জামাই আদরে ছিলেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব চট্টগ্রামের কালুরঘাটে একজন মেজরের হাতে গড়ে উঠেছিল। সেই মেজর ছিলেন জিয়াউর রহমান, যিনি জেড ফোর্স নিয়ে যুদ্ধে নেমে দেশকে স্বাধীন করেছিলেন।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর ও আল শামসদের কুকর্মকে ভুলে যাওয়া যাবে না। স্বাধীনতা কখনো ধর্মভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য অর্জিত হয়নি। প্রগতিশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যে সাধারণ মানুষই যুদ্ধ করেছে।
তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া-এর আমলেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করা হয়, মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করা হয় এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়।










