spot_img
spot_img

নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির হলেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী আমির নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। দীর্ঘদিন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালনের পর এবার তাকে দলটির নির্বাহী আমিরের দায়িত্ব দেওয়া হলো।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে অনুষ্ঠিত দলের মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা সারোয়ার কামাল আজিজী। সঞ্চালনা করেন মহাসচিব মুসা বিন ইযহার।

মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ১৯৬৫ সালে চাঁদপুর জেলার হানার চর ইউনিয়নের গোবিন্দ গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ মাওলানা আব্দুস সোবহানের পুত্র।

তার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে। পরে চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি পড়াশোনা করেন। উচ্চতর শিক্ষার জন্য ভারতের দারুল উলূম দেওবন্দে যান এবং ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ভারতে অবস্থানকালে একটি প্রকাশনা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাও অর্জন করেন তিনি।

দেশে ফিরে মাওলানা কাইয়ুম সুবহানী বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান ও সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নায়েবে নাজেমে দপ্তর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন প্রকাশনা ও সম্পাদনা কার্যক্রমে যুক্ত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন। সহীহ বুখারী ও তাফসীর সংশ্লিষ্ট গ্রন্থ সম্পাদনায়ও তার অবদান রয়েছে।

শিক্ষা ও ধর্মীয় খেদমতের অংশ হিসেবে তিনি দীর্ঘ সময় চাঁদপুর বাইতুল আমীন জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকার সেগুনবাগিচা মসজিদের খতিব হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে খিলগাঁওয়ে প্রতিষ্ঠিত ‘মাদরাসাতুল কোরআন ওয়া সুন্নাহ’-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংগঠনিক ক্ষেত্রেও মাওলানা কাইয়ুম সুবহানীর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি পল্টন-সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের তিনবার নির্বাচিত সভাপতি। এছাড়া কওমি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্বে রয়েছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমির মুফতি মুখলিসুর রহমান কাসেমী, আব্দুর রহমান চৌধুরী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব হাফেজ আজিজুল হক, সহকারী অর্থ সচিব আনোয়ারুল কবীর, শিল্প ও বাণিজ্য সচিব আলহাজ শাকিরুল হক খান, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী এবং সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ