ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, সরকার পর্যাপ্ত সময় পাওয়ার পরেও কাঙ্খিত উদ্যোগ ও ব্যবস্থাপনা নিশ্চিত না করতে পারার খেসারত স্বরুপ আজ দেশের মানুষ শাটডাউনের মুখোমুখি। এদেশের এক তৃতীয়াংশেরও বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। গত দেড় বছরে প্রায় কোটির উপরে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। লকডাউন কিংবা শাটডাউন দেওয়ার আগে জনগনের ক্ষুধা ও দারিদ্রতা রোধকল্পে কাজ করা জরুরী।
শনিবার (২৬ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনার শুরু থেকে প্রায় দেড় বছর সময় পেয়েও স্বাস্থ্যখাতকে উন্নত করা সম্ভব হয়নি। বরং স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজ ব্যক্তিদের কাছে প্রতিটি দিন যেন ঈদ আনন্দের চেয়েও উপভোগ্য হয়ে উঠেছে। এই মন্ত্রণালয়কে দুর্নীতির কবল থেকে উদ্ধার না করা, টিকা ক্রয়ের ক্ষেত্রে সরকারের ভারতের উপর একক নির্ভরশীলতা ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদির সরবরাহ নিশ্চিত না করার কারণে আজ আমরা সাধারন জনগণ করোনার ভয়াবহ আগ্রাসনের সম্মুখে দাঁড়িয়ে।
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, সাধারন জনগণের প্রতি দায় অনুভব করে লকডাউন বা শাটডাউনের বিষয়টি পুনর্বিবেচনা করুন। জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে দুর্নীতিবাজ আমলা, মন্ত্রী, এমপি, রাজনৈতিক/অরাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি সহ সকল প্রভাবশালীকে রুখে দিন।
ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, করোনা মহামারীতে ঢাকা মহানগরীর জনগণ আজ অর্থনৈতিক দৈন্যতা ও অস্তিত্ব সঙ্কটে। সে সময় বারবার গ্যাস, পানি, বিদ্যুতের দাম বাড়িয়ে নগরবাসীর জনজীবনকে আরও দূর্বিষহ করে তোলা হচ্ছে।











