প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী।
সোমবার (২৬ জুন) জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ কথা জানিয়েছেন।
ইমরান আহমদ বলেন, গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে ৯ লাখ ৭ হাজার ৭ জন বিদেশে গিয়েছিল। গত বছরের তুলনায় চলতি অর্থবছরে ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরও বলেন, নতুন নতুন দেশের সঙ্গে জনশক্তি রপ্তানির উদ্দেশ্যে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।











