spot_img
spot_img

৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে ডিএনসিসি: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (২৬ জুন) মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ ফাইনালে এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, নগরবাসী সহযোগিতা করলে কোরবানির বর্জ্য অপসারণ আর তেমন বড় চ্যালেঞ্জ না। কোরবানির পরই পানি দিয়ে রক্ত পরিষ্কার করে ফেলুন। গত বছর সবার সহযোগিতায় ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি। এ বছর ঈদের দিন দুপুর থেকে শুরু করে রাত ১০টার মধ্যে ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মেয়র বলেন, খেলাধুলার জন্য মাঠ প্রয়োজন। আমরা সিটি কর্পোরেশন থেকে ইতোমধ্যে অনেকগুলো মাঠ উন্নয়ন করে উন্মুক্ত করে দিয়েছি। মাঠের জায়গা দখল করা যাবে না। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নিশ্চিত করবেন। কালশীতে ফ্লাইওভার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী কালশী বালু মাঠটিতে ভবন নির্মাণ না করে মাঠ করার ঘোষণা দিয়েছেন। তাৎক্ষণিক এমন সিদ্বান্ত একমাত্র ক্রীড়াপ্রেমি প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব।

তিনি আরও বলেন, যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। মাঠে এসে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নেই। মেয়রস কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করেছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে দূরে রাখার জন্যই এ টুর্নামেন্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ