spot_img
spot_img

ভেনেজুয়েলায় উদ্ধার ও ত্রাণ সহায়তায় সামরিক বিমান পাঠাচ্ছে তুরস্ক

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান ও মানবিক সহায়তা জোরদারে দুটি সামরিক পরিবহন বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফডিএ)।

শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এএফডিএ জানিয়েছে, তুর্কি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে একটি এ-৪০০এম সামরিক পরিবহন বিমান উদ্ধারকারী ও মানবিক সহায়তা দল বহনের জন্য প্রস্তুত করা হয়েছে। এতে ইস্তাম্বুল, ইজমির ও দেনিজলি থেকে ৩৮ সদস্যের অনুসন্ধান ও উদ্ধার এবং মানবিক সহায়তা দল অংশ নেবে।

এছাড়া বিমানটিতে পাঁচ সদস্যের জাতীয় মেডিকেল রেসকিউ টিম, তুর্কি রেড ক্রিসেন্টের দুই সদস্যের মানবিক সহায়তা দল, দুটি অনুসন্ধানী কুকুর এবং তিনটি পূর্ণাঙ্গ অনুসন্ধান ও উদ্ধার যানবাহনও পাঠানো হবে।

অন্যদিকে, তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও একটি এ-৪০০এম সামরিক পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিমানে ২২ সদস্যের হিউম্যানিটারিয়ান এইড ব্রিগেড দল এবং তাদের প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে।

এএফডিএ জানিয়েছে, দুটি বিমানই শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দর থেকে ভেনেজুয়েলার উদ্দেশ্যে যাত্রা করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও এর আশেপাশে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২৩৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন শত শত মানুষ। নিখোঁজ রয়েছেন আরো বহু মানুষ।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ