মিয়ানমারে চার গণতন্ত্রপন্থী কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর দেশটির ক্ষমতাসীন জান্তা সরকারের প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা। জান্তার ওপর চাপ বাড়াতে চীনকে সক্রিয় হওয়ার আহ্বানও জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে।
মঙ্গলবার (২৬ জুলাই) ওয়াশিংটনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি, অন্য যে কোনো দেশের চেয়ে চীনের ওপর মিয়ানমারের নির্ভরশীলতা অনেক বেশি। তাই দেশটির ক্ষমতাসীন জান্তাকে চাপে রাখতে আমরা চীনের সক্রিয় ভূমিকা একান্তভাবে প্রত্যাশা করছি।
মঙ্গলবার (২৬ জুলাই) এক নিয়মিত সংবাদ সম্মেলনে জান্তা মুখপাত্র জাও মিন তুন এই মৃত্যুদণ্ডের পক্ষে সাফাই দিয়ে বলেন, এ পর্যন্ত মিয়ানমারে যত মৃত্যুদণ্ড হয়েছে, সেসবের সঙ্গে যদি তুলনা করা হয়— সেক্ষেত্রে এই অপরাধীদের একবার নয়, কয়েকবার ফাঁসি হওয়া উচিত।
এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ভিডিও লিঙ্কের মাধ্যমে দণ্ডিতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
জান্তা মুখপাত্রের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে নেড প্রাইস বলেন, জান্তার সঙ্গে কখনও স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে না। আমরা বিশ্বের সব দেশকে অনুরোধ জানাব— মিয়ানমারে ক্ষমতাসীনদের যেন কোনো প্রকার ঋণ সুবিধা দেওয়া না হয় এবং তাদের কাছে যেন অস্ত্র বিক্রি না করা হয়।











