স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে এমন কোনো ঘটনা ঘটেনি, যার আসামিদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি,পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে।
বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি সরকারের ছয় মাস হয়েছে। এই সময়ে একটি ঘটনাও নেই, যা ঘটার পর আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।’
তিনি বলেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











