ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সকল প্রদেশের জন্য “উলামা পরিষদ” গঠনের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ। উলামা পরিষদের সদস্যদের নিযুক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদীস মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা।
উলামা কাউন্সিল প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে মুজাহিদ বলেন, সরকার ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে আলেম ও বিভিন্ন গোষ্ঠীর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের জায়গা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “দুইদিন আগে পরিষদ গঠনের কাজ সম্পন্ন হয়েছে। সর্বশেষে লোগার প্রদেশের উলামা পরিষদ গঠনের কাজ সম্পন্ন হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা সরকার ও জনগণের মধ্যে একটি চক্রকেন্দ্র হিসেবে কাজ করবে।”
তিনি বলেন, “বিভিন্ন প্রদেশের উলামা পরিষদের গঠনতন্ত্রে ভিন্নতা রয়েছে। কিছু কিছু প্রদেশের পরিষদে উলামা ও গোষ্ঠীয় প্রবীণদের নেওয়া হয়েছে। তবে কিছু প্রদেশে যদি গোষ্ঠীয় প্রবীণরা না থেকে থাকে তাহলে এর মানে এই নয় যে তাদের (গোষ্ঠীকে) অন্তর্ভুক্ত করা হবে না। তবে সেখানে মূল্যায়ন করার মত কিছু নাম রয়েছে, যার ফলে তাদের সংখ্যা বৃদ্ধি পাবে।”
উল্লেখ্য; সরকারি কর্মকান্ডে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে উলামা পরিষদ মতামত প্রদান করবে বলে ইতিপূর্বে জানিয়েছিলেন উপ তথ্যমন্ত্রী।
সূত্র: তোলো নিউজ











