spot_img

মতিঝিলে ১৫ লাখ টাকা ছিনতাই করে ধরা পড়লেন ৩ পুলিশ

ঢাকার মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জ অফিস থেকে ৩০ লাখ টাকা নিয়ে ওই এলাকার আরেকটি প্রতিষ্ঠানের অফিসে যাচ্ছিলেন তিন কর্মচারী। পথে পুলিশ পরিচয়ে তাঁদের প্রথমে রিকশা ও পরে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়া হয় খিলগাঁও এলাকায়। তাঁদের কাছ থেকে ১৫ লাখ টাকা রেখে দুজনকে আরেকটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেওয়া হয়। এ সময় হেরিটেজ অ্যাসেটস নামের প্রতিষ্ঠানটির কর্মীদের বলা হয়, তোরা পেছন দিকে তাকাবি না, তাকালে গুলি করে দেব।

এই বিবরণ দিয়ে ১৭ অক্টোবর মতিঝিল থানায় মামলা করেন হেরিটেজ অ্যাসেটস কোম্পানির সহকারী ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

এই মামলা তদন্ত করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে তিন পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা–পুলিশ। গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন মুহাম্মাদ কামরুল ইসলাম (৩৫), রাফিজ খান (২৬) ও তুষার ইমরান (৩১)। তারা তিনজনই কনস্টেবল। তাদের মধ্যে কামরুল পুলিশের চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন অর্থসংক্রান্ত একটি মামলার জেরে আর রাফিজ ও তুষার রাজারবাগ পুলিশ লাইনসে নিয়োজিত ছিলেন।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মাদ রাসেল হোসেন মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে ১২ অক্টোবর মতিঝিল এলাকা থেকে তিনজনের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এই তিনজন জড়িত ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে ২১ অক্টোবর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতের অনুমতিতে তাদের দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তারা কারাগারে।

ছিনতাই হওয়া টাকার মধ্যে ৩ লাখ ৩৭ হাজার টাকা তিন পুলিশ কনস্টেবলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে পুলিশ। তবে তাদের আইনজীবী জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, তিনজনই নিরপরাধ। পুলিশ সন্দেহের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ