হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের ওপর শুনানি আজ।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। এর আগে ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালত তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
রিমান্ড শেষে ৪ অক্টোবর তাঁকে আদালতে হাজির করা হলে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট এবং জমজমের পানি পেতে বিলম্বকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আখতারুজ্জামানের বাকবিতণ্ডা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।











