স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে। বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না। সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কারও কথা শুনতে বাধ্য নয়। তাছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন। এজন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা। এত বড় গ্যাদারিং কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।










