বিশ্ব শান্তির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং উত্তর কোরীয় নেতা কি জং উনকে এ কথা বলেছেন।
শনিবার (২৬ নভেম্বর) উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক দিনের মধ্যে শি এ কথা বলেছেন। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে এটি ছিল অন্যতম শক্তিশালী।
এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তারা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে আমেরিকার পরমাণু হুমকি মোকাবেলা করবে।
পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, কিমকে পাঠানো এক বার্তায় শি বলেছেন, বিশ্ব এবং এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে প্রস্তুত।
শি আরো বলেছেন, বিশ্ব, সময় ও ইতিহাসের অভূতপূর্ব এই পরিবর্তনের সময়ে বেইজিং পিয়ংইয়ংয়ের সহযোগী হতে ইচ্ছুক।
সূত্র : বাসস











