বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার দৈত্য সরকার। সিন্দাবাদের গল্পে যেমন এক বৃদ্ধের বেশ ধরে খাল পার হওয়ার জন্য সিন্দাবাদের ঘাড়ে ওঠেছিল এক দৈত্য। খাল পার হওয়ার পর সেই বৃদ্ধ আর সিন্দাবাদের ঘাড় থেকে নামে না। অনেক কষ্ট করে সেই বৃদ্ধকে ঘাড় থেকে নামিয়েছিল। এই সরকারকে ঘাড় ধরে নামাতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, সরকার বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ করছে বিভিন্ন স্থানে। তারা তাদের অবস্থান জানাতে চায়। আমি বলবো আজকে কুমিল্লার সমাবেশে যে মানুষ হয়েছে, আপনাদের সবগুলো সমাবেশ মিলিয়ে এতো মানুষ হয়নি।
তিনি বলেন, সরকার দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে জনগণকে। সরকার কী করেছে? দেশের অর্থনীতিকে লুটপাট করে সব বিদেশে পাচার করে এখন দুর্ভিক্ষের ভয় দেখায়। সরকার যদি জনবান্ধব হতো তাহলে দুর্ভিক্ষের ভয় না দেখিয়ে দেশের মানুষের পাশে থাকতো। সরকার মানুষকে ভয় দেখায়, কারণ যা খাওয়ার খাওয়া শেষ, আর কিছু বাকি রাখেনি।










