spot_img
spot_img

নেত্রকোনায় এনসিপি নেতার বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনা পৌরশহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসার বারান্দার একটি কক্ষে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর জাগো নিউজ ও যুগান্তরের।

ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা পৌরশহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।

বাসায় অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ফাহিম রহমান খান পাঠান। এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্টও দিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইলফোনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন তিনি।

ফাহিম রহমান খান পাঠান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররাই ঘটিয়েছে। এ অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।

অগ্নিকাণ্ডের ঘটনাটি নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ