ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত রয়েছে। কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা আলোচনায় বসার প্রস্তাব নাকচ করছে।
রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের সাক্ষাৎকারটি প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া ১
অন্যদিকে রুশ হামলার মধ্যেও অবিচল থাকার জন্য ইউক্রেনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সাক্ষাৎকারে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার জন্য আমরা প্রস্তুত। কিন্তু এটা তাদের ওপর নির্ভর করছে। আলোচনায় বসার বিষয়টি আমরা নাকচ করছি না, তারা করছে।
তিনি বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য লড়াই করছি, আমাদের নাগরিকদের ও জনগণের স্বার্থ সুরক্ষায় লড়ছি। জনগণকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের ভূরাজনৈতিক প্রতিপক্ষগুলোর নীতির কেন্দ্রে রয়েছে রাশিয়াকে বিচ্ছিন্ন করা। তারা সব সময় আমাদের বিভক্ত ও শাসন করতে চেয়েছে। আমাদের লক্ষ্য রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করা।











