আমেরিকায় নজিরবিহীন তুষার ঝড়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে নাগরিকরা ঘর থেকে বের হতে পারছেন না।
নিউইয়র্কের গভর্নর সোমবার (২৬ ডিসেম্বর) ক্যাথি হচুল বলেন, নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে ঝড়ের আঘাত বেশি অনুভূত হচ্ছে। এই সুযোগে বেশ কিছু এলাকায় লুটপাটের খবরও পাওয়া গেছে। জরুরি যানবাহন দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে।
বাফেলো শহরের পুলিশ জানিয়েছে, শহরটিতে যে দশজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে গাড়ির ভেতর ও তুষারাবৃত রাস্তা থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়- ঠান্ডায় অনেকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্য মন্টানাতে। সেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেছে।











