দীর্ঘ ২০ বছর মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের দেশে স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে তালেবান। দেশটিতে সরকার গঠন করে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। তবে সঙ্কট তৈরি হয়েছে খড়া ও পশ্চিমাদের আটকে রাখা অর্থের ফলে। এবার সেই অর্থ ফেরতের দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার নারী।
বুধবার (২৬ জানুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছে নারীরা।
স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা ব্যাংকগুলোতে আটকে থাকা অর্থ ছেড়ে দেওয়ার দাবিতে কাবুলের মার্কিন দূতাবাসের সামনে তারা বিক্ষোভ করে।
বিক্ষোভকারী নারীরা আমেরিকার প্রতি আটকে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা।
এর আগে আফগানিস্তানের আটকে থাকা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ছেড়ে দেওয়ার জন্য রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশগুলোতে বিক্ষোভ করেছিলেন তালেবানপন্থী কয়েকশ নারী-পুরুষ।











