পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে চলমান সামরিক অভিযান আরও জোরদার করতে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে মস্কো। প্রতিবেশী দেশ বেলারুশে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই নির্দেশ দেয় রুশ কর্তৃপক্ষ।
মূলত ইউক্রেনের বিরুদ্ধে চলমান আক্রমণ ‘সব দিক থেকে’ আরও জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সবচেয়ে বড় এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়েছে।
হামলার তৃতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক আক্রমণ করে রুশ সামরিক বাহিনী। এতে করে পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানীর রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অবশ্য প্রবল হামলার মুখেও কিয়েভে বেশ শক্ত প্রতিরোধের মুখেই পড়েছে রুশ বাহিনী।
শনিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রুশ সামরিক বাহিনীর মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ জানান, ‘ইউক্রেনীয় কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিদ্যমান পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে সব দিক থেকে দেশটির বিরুদ্ধে চলমান হামলা আরও জোরদার করতে সামরিক বাহিনীর সকল ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিটকে অবিস্থত ভ্যাসিলকিভ শহরের একটি তেল ডিপোতে আঘাত হেনেছে রাশিয়ার মিসাইল। এতে করে ওই তেল ডিপোতে আগুন ধরে যায়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।











