ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রাথমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে দেশের তরুণদের শিক্ষার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস স্তানিকজাই।
আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে, দেশটিতে লাইব্রেরীর অভাব রয়েছে বলে স্বীকার করেন তিনি। সেই সঙ্গে এটিকে আফগানিস্তানের জন্য গুরুতর চ্যালেন্জ বলেও অভিহিত করেন স্তানিকজাই।
তিনি বলেন, “আফগান জনগণ ও শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি উত্তম পরিবেশ তৈরি করে দেওয়া ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের অন্যতম দায়িত্ব। বিশেষ করে তথ্য ও সংস্কৃতি এবং শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়টির উপর জোর দেওয়া উচিত। যাতে জনগণ ও শিক্ষার্থীরা কোন ধরনের বিতর্ক ছাড়াই দেশের যেকোনো স্থান থেকে বই সংগ্রহ করতে পারে।”
অনুষ্ঠানে, আফগান সমাজের উন্নয়ন ও প্রগতিতে তরুণদের ব্যাপক ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তরুণদের আরও বেশি অধ্যায়ন ও গবেষণায় আগ্রহী হতেও উৎসাহ প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী হায়াতুল্লাহ মুহাজির ফারাহী বলেন, “একটি দেশের ইতিহাস ও পূর্বেকার মূল্যবোধ একটি বইয়ের পাতায় লিপিবদ্ধ করা হয়। আর এই বইগুলোতে পূর্ববর্তী প্রজন্মের কার্যক্রম ও ইতিহাস ধারণ করে রাখা হয় পরবর্তী প্রজন্মের জন্য।”
সূত্র: তোলো নিউজ











