আজ শনিবার সন্ধ্যায় বি-বাড়ীয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিজিবির গুলিতে মাদরাসা ছাত্রসহ ৫জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।
শনিবার (২৭ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
ইউনুছ আহমাদ বলেন, সরকার পুলিশ ও বিজিবি দিয়ে মাদরাসা ছাত্র হত্যা করে ক্ষমতায় আজীবন থাকার যে অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে তা পুরণ হবে না। এ হত্যাকান্ডের মধ্য দিয়ে সরকারকে চরমভাবে বিদায় নিতে হবে। গতকাল স্বাধীনতা দিবসে ঢাকা, হাটহাজারী ও বি-বাড়ীয়ায়সহ সারাদেশে পুলিশী তান্ডবে ৬জন হত্যার ঘটনায় সারাদেশে যখন মুসলিম উম্মাহর হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে, তখন পুনরায় বি বাড়ীয়ায় পুলিশ এবং বিজিবির গুলিতে আরো ৫জনের হত্যাকান্ড মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
তিনি বলেন, অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের গ্রেফতার ও শাস্তি দিতে হবে। সেইসাথে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদেরকেও কঠোর বিচারের মুখোমুখি না করলে দেশময় আন্দোলনের যে দাবানল জ্বলে উঠেছে তা রোখবার সাধ্য কারো নেই।











