ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে এক মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে। ২০০৪ সাল থেকে রাজধানী দিল্লির তুঘলক লেন এলাকার বাংলোটিতে তিনি রয়েছেন। সম্প্রতি লোকসভার হাউজিং প্যানেল থেকে দেওয়া নোটিশে আগামী ২৩ এপ্রিলের মধ্যে তাকে বাংলোটি ছেড়ে দিতে বলা হয়।
সোমবার (২৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথা বলায় মানহানির মামলায় গুজরাটের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দেওয়ার পর লোকসভার সংসদ সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা হয় রাহুল গান্ধীকে। এর দুই দিন পরই লোকসভার হাউজিং প্যানেল থেকে এই নোটিশ দেওয়া হলো।
যদিও কংগ্রেস জানিয়েছে, তারা এখনো নোটিশ পায়নি। এছাড়া গুজরাটের আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আপিল করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছিল।
কংগ্রেসের সংসদ সদস্য এবং দলের মুখপাত্র ড. নাসির হুসেন বলেন, বিজেপির কাছ থেকে এটি প্রত্যাশিত ছিল। কারণ ভিন্নমতের কণ্ঠরোধ করতে তারা সব ধরনের কৌশল অবলম্বন করে। তারা আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতাকে কুৎসিত উপায়ে সংসদ থেকে বের করে দিয়েছে এবং এটি নতুন কিছু নয়।











