কোথাও জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে থানা ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, কোথাও জায়গা না পেলে মাননীয় মন্ত্রী আপনার বাড়ির একটু জায়গা দেন। তাতে আপনার সুনাম হবে। আর কোথাও জায়গা না পেলে পাশের বহুতল ভবনের চারতলা-পাঁচতলা নিয়ে নেন, সেখানে থানা করেন।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন স্থাপনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এমন প্রস্তাব দেন।
ডা. জাফরুল্লাহ আরও বলেন, তেঁতুলতলা মাঠ শিশুদের ফুসফুস, বয়স্কদের ফুসফুস, এ ফুসফুস নষ্ট করতে দেওয়া যাবে না। এখানে থানা নির্মাণের অন্যায় অনুমতি পেলেই আমরা মেনে নেব না। এখান থেকে ইট-পাথর সরাতে হবে, না হলে আমরা এখানে আস্তানা গাড়বো।











