লেবাননের সাথে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রস্তাবিত সরাসরি আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম।
তিনি এ উদ্যোগকে ‘মহাপাপ’ আখ্যা দিয়ে বলেন, ইসরাইলের সাথে সরাসরি আলোচনা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এতে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। ক্ষমতায় যারা আছেন, তারা যেন জানেন, তাদের এই পদক্ষেপ লেবানন বা তাদের নিজেদের কোনো উপকারে আসবে না।
সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
এই সরাসরি আলোচনা থেকে সরে আসার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে নাইম কাসেম বলেন, এটি লেবাননকে অস্থিরতার ঘূর্ণাবর্তের দিকে ঠেলে দিচ্ছে। এই সরাসরি আলোচনা ও এর ফলাফল আমাদের কাছে যেন অস্তিত্বহীন। এতে আমাদের কোনো আগ্রহ নেই।
তিনি বলেন, আমরা লেবানন ও এর জনগণের জন্য আমাদের প্রতিরক্ষামূলক প্রতিরোধ চালিয়ে যাব।
তিনি আরও বলেন, শত্রু যতই হুমকি দিক, আমরা পিছু হটব না, নত হব না এবং পরাজিত হব না।
সূত্র: বাসস











