মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আমরা যুদ্ধবিরতি দেখছি। তবে এটা হলো শুরু, এর ওপর ভিত্তি করে আমাদের শান্তি পুনপ্রতিষ্ঠিত করতে হবে। তবে শীঘ্রই শান্তি আলোচনা শুরু হতে পারে এমন সম্ভাবনা নেই।
ব্লিংকেন মধ্যপ্রাচ্যে দুই দিনের সফর শেষ করেছেন। কূটনৈতিক সমর্থন ও ইহুদিবাদী সন্ত্রসাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বোমা হামলায় বিধ্বস্ত গাজা পুনর্গঠনে আর্থিক সাহায্য আদায়ের লক্ষ্যে তার এ সফর। গত দুই দিনে ইসরাইল, মিশর ও জর্ডানের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের সঙ্গে ১১ দিনের যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর করেন ব্লিংকেন । ওই সংঘাতে ৬৬ শিশুসহ ২৪৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার ফিলিস্তিনি।
মধ্যপ্রাচ্য সফরের শুরুতেই ইহুদিবাদী ইসরাইলে সফর করেন ব্লিংকেন। সেখানে দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন তিনি। এর একদিন পর মিশর ও জর্ডান সফর করেন।












