বিদ্যুৎ অপচয় রোধ করতে গরিবের অটো রিকশা নয়, বড় লোকের এসি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।
তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনায় যখন সাধারণ মানুষের জীবন চরম বিপর্যস্ত সেই মুহুর্তে ব্যাটারী চালিত রিকশা ও ভ্যান বন্ধ করে দিয়ে প্রায় ৫০ লাখ শ্রমিককে বেকার করার অমানবিক সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া যায় না। পুনর্বাসনের ব্যবস্থা না করে অটো রিকশা ও ভ্যান চালকদের নিমর্মতার দিকে ঠেলে দেওয়া অন্যায়।
রবিবার (২৭ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সম্পদ লুটেপুটে যারা বিদেশে টাকার পাহাড় বানাচ্ছে, তাদের পাচারকৃত টাকা ফিরিয়ে এনে শ্রমিক শ্রেণির মানুষের মাঝে বিতরণ করে দিন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার যে অজুহাত তুলে ধরা হয়েছে এটা অনেকটাই অমূলক। কারণ, দুর্ঘটনা শুধু অটোরিকশা ও ভ্যানে হয় এমনটি নয়। দুর্ঘটনা বাস গাড়ি ট্রাক এমনকি প্লেন দুর্ঘটনা হয়ে থাকে। সুতরাং এই ঠুনকো অজুহাতে প্রায় ৫০ লক্ষাধিক মানুষের জীবিকা বন্ধ করে দেওয়ার সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।











