শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতলে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৭ জুন) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
সরকার নাকি অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন- বিএনপি মহাসচিবের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন কাল্পনিক ও অসার বক্তব্য বিএনপির হতাশা ও রাজনৈতিক দীনতাকে উন্মোচিত করেছে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোনো উদ্বেগ নেই। বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং তারা প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।
সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিএনপির দায়িত্বহীনতা ও দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।










