বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাস করে স্থগিতের বিষয়টিকে সরকারের চালাকি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই স্থগিতের মানে খালেদা জিয়ার সাজা কমছে না। ভবিষ্যতে যখন তাদের (সরকার) প্রয়োজন হবে, সাজা আবার যুক্ত হবে। এটা আরেকটা খেলা।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া প্রায় দুই বছরের বেশি জীর্ণ-পরিত্যক্ত কারাগারে ছিলেন। তারপরে নিয়ে আসা হয়েছে পিজি হাসপাতালে, সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি। শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে-চালাকিটা কী? যেমন আমি বলি না, ছয় মাস ছয় মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না। সেই সাজা আবার গুণতে হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা হচ্ছে আরেকটা চালাকি।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সামগ্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণতন্ত্র ও খালেদা জিয়াকে আলাদা করা যাবে না। খালেদা জিয়া ও গণতন্ত্র সমার্থক ও এক। খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্রকে মুক্ত করা হবে, গণতন্ত্রকে মুক্ত করতে পারলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী প্রমুখ।
সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী।










